ঢাকা সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ভাগ্য বদলাতে লেবানন, ৩ মাস ২৫ দিন পর বাড়িতে ফিরল ড্রোন হামলায় নিহত শুভর মরদেহ

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ১২.৩৮ এ.এম
ভাগ্য বদলাতে লেবানন, ৩ মাস ২৫ দিন পর বাড়িতে ফিরল ড্রোন হামলায় নিহত শুভর মরদেহ
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : ভাগ্য বদলের আশায় প্রায় তিন বছর আগে পাড়ি জমিয়েছিলেন দূরদেশ লেবাননে। স্বপ্ন ছিল পরিবারের অভাব ঘোচাবেন, বাবা-মায়ের মুখে হাসি ফোটাবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিত ফেরার অপেক্ষায় থাকা স্বজনদের কাছে শেষ পর্যন্ত ফিরতে হলো তাঁকে কফিনবন্দি হয়ে।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির একজন কলারোয়ার শুভ দাসের মরদেহ দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে তাঁর মরদেহ পৌঁছায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের বাড়িতে। মরদেহ আসার খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

নিহত শুভ দাস (২৩) শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাস ও শিখা দাসের ছেলে। পরিবারের চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন মেজো। মাত্র ২৩ বছর বয়সেই যুদ্ধবিধ্বস্ত লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান এই তরুণ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় রুটি বহনকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিন বাংলাদেশি কর্মী—সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ এবং কলারোয়ার শুভ দাস। তাঁরা একই এলাকায় বসবাস ও কাজ করতেন।

প্রায় তিন বছর আগে পরিবারের ভাগ্য বদলের আশায় লেবাননে যান শুভ। ভ্যান চালিয়ে সংসার চালানো বাবা সুরঞ্জন দাস এবং ধানের চাতালে কাজ করা মা শিখা দাস ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। তাঁদের আশা ছিল, ছেলে বিদেশে গিয়ে ভালো আয় করবেন, সংসারের অভাব দূর হবে এবং পরিবারের মুখে ফিরবে স্বচ্ছলতা।

কিন্তু সেই স্বপ্নের পরিণতি এতটা নির্মম হবে, তা কখনো ভাবেননি বাবা-মা।

ছেলের বিদেশযাত্রার সময় যে পরিবারটি স্বপ্ন দেখেছিল একদিন শুভ নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের পাশে দাঁড়াবেন, সেই পরিবারকেই আজ বুকের ভেতর পাথর চাপা দিয়ে সন্তানের শেষকৃত্যের প্রস্তুতি নিতে হচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ার স্বপ্ন দেখা সেই তরুণই আজ নিথর হয়ে ফিরেছেন আপন ঠিকানায়।

হামলায় নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ কয়েক মাস আগেই দেশে ফিরলেও শুভ দাসের মরদেহ দেশে ফেরানো নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রতীক্ষার প্রহর গুনছিলেন তাঁর বাবা-মা ও স্বজনেরা। অবশেষে দীর্ঘ ৩ মাস ২৫ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার সকালে বাড়িতে পৌঁছায় শুভর মরদেহ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা বলেন, ২০২৩ সালে জমিজমা বিক্রি করে পরিবারের ভাগ্য বদলের আশায় লেবাননে যান শুভ। গত ১২ মে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় তিনি নিহত হন। দীর্ঘ অপেক্ষার পর রোববার তাঁর মরদেহ বাড়িতে পৌঁছেছে। তিনি বলেন, শুভর পরিবারটি অত্যন্ত অসহায়। সরকারের কাছে পরিবারের পক্ষ থেকে নিহতের স্বজনদের সহযোগিতার দাবি জানানো হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লেবাননে ড্রোন হামলায় নিহত শুভ দাসের মরদেহ রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে তাঁর গ্রামের বাড়ি কয়লা ইউনিয়নের শ্রীপতিপুরে পৌঁছেছে। ধর্মীয় রীতি অনুযায়ী দুপুরে কয়লা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।