বরিশালে ‘সাহিত্য পাতা’ আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন
বরিশাল প্রতিনিধি : “শব্দে জাগুক সৃজন, সাহিত্যে আলোকিত হোক মন” শ্লোগানকে সামনে রেখে বরিশাল নগরীর আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’ আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ‘সাহিত্য পাতা’র সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সোলায়মান হাওলাদার, সাহিত্য পাতার সদস্য হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিরুন নাহার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, অফিসার্স কাউন্সিলের সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। এসময় কলেজের সহকারী শিক্ষক ও প্রভাষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও মননশীলতা বিকাশে ‘সাহিত্য পাতা’র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হলে তাদের চিন্তাশক্তি ও মেধার বিকাশ আরও সমৃদ্ধ হবে।
‘সাহিত্য পাতা’র সম্পাদক সহযোগী অধ্যাপক সোলায়মান হাওলাদার বলেন, “কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে লেখা সংগ্রহ করা হয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেন বলেন, “গত তিন মাস আগে আমরা যেভাবে বিজ্ঞানচিন্তা প্রকাশ করেছি, একই ধারাবাহিকতায় এবার আষাঢ়ে 'সাহিত্য পাতা' প্রকাশ করা হলো। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বরিশালের অন্যান্য কলেজের তুলনায় এটি একটি ভিন্নধর্মী উদ্যোগ দাবি করে তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা জীবন, মেধার বিকাশ এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগকে এগিয়ে নিতে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলীর সহযোগিতা কামনা করছি।
