স্বেচ্ছাশ্রমে রাস্তার পাশের আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে যুব সমাজ
রফিকুল ইসলাম রনি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের সকল রাস্তার পাশের আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা করার লক্ষ্যে মহতী উদ্যোগ নিয়েছে সেচ্ছাসেবী সংগঠন " আগরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন" এর সেচ্ছাসেবী যুব সদস্যরা।
জানাগেছে, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে এ পরিচ্ছন্নতা কর্মসূচি মাসব্যাপী চলবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আগরপুর-লাসঘাটা সড়কের প্রায় দুই কিলোমিটার রাস্তার দুই পাশের আগাছা, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযান শুরু করা হয়েছে। এতে রাস্তার দুই পাশের পরিবেশ যেমন পরিচ্ছন্ন ও সুন্দর হয়ে ওঠে, তেমনি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন স্থানীয় যুব সমাজ।
আগরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য মনিরুল ইসলাম খান বলেন- “পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আগরপুর গ্রামের প্রধান রাস্তা গুলোর দুই পাশে দীর্ঘদিনের আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করার ফলে এলাকার পরিবেশ আরও সুন্দর ও চলাচলের উপযোগী হবে।
সংগঠনটির আরেক সদস্য মামুন খলিফা জানান, আমাদের গ্রামের স্বেচ্ছাসেবী এ সংগঠন বিভিন্ন সময় সমাজসেবামূলক কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ দূষিত করে, রাস্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সৌন্দর্য নষ্ট করে এমন সব আগাছা এবং ময়লা-আবর্জনা পরিষ্কার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে এসব কাজ করা হচ্ছে।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, আগরপুর যুবকদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে জনকল্যাণমূলক এমন কার্যক্রমে সবাইকে এগিয়ে আসতে হবে।”
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, বর্তমানে তরুণ ও যুবসমাজ মাদক ছাড়াও মোবাইলে ফ্রি ফায়ার এবং বিভিন্ন গেম খেলায় আসক্ত হয়ে পড়েছে। এসবের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের বিরত রাখতে খেলাধুলার পাশাপাশি স্বউদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মতো ইতিবাচক সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। আমার বিশ্বাস আজকের যেই তরুনরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে তাদের দেখে অন্যদের মধ্যেও এমন ভালো কাজের প্রতিযোগিতার হিড়িক পড়ে যাবে। আর তখনই উপজেলা প্রশাসন, বাবুগঞ্জ কর্তৃক গৃহীত পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের জন্য গৃহীত কার্যক্রমগুলো প্রকৃত অর্থে সার্থকতা লাভ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, যেসব রাস্তা তরুনরা পরিষ্কার করছে সেখানে যদি রাস্তার দুপাশে গাছ লাগানোর জায়গা থাকে তবে উপজেলা প্রশাসন বাবুগঞ্জকে গাছ সরবরাহ করে তরুণদের হাতে গাছ রোপণের উদ্যোগ নিবেন।
