কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা শিক্ষা কর্মকর্তা
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় তিনটি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির। সোমবার সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলো হলো-উপজেলার হেলাতলা ইউনিয়নের কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়, কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘোরা দাখিল মাদ্রাসা, পানি কাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শাকদাহ বালিকা বিদ্যালয়। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পাশের হার, লেখাপড়ার মান, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি সহ শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। সাথে সাথে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। পরিদর্শনকালে প্রত্যেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতির হার দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। তবে পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শাকদাহ বালিকা বিদ্যালয়ের ভৌত অবকাঠামো দেখে কিছুটা হতাশ হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রধান শিক্ষক আহসান হাবিব, শরিফুল ইসলাম, ইসরাইল হোসেন, সুপার মাওলানা মতিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, রবিউল ইসলাম, ডালিম হোসেন, হাসানুজ্জামান হাসান সহ অত্র প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
এদিকে বিকালে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিবানন্দ কাটি ও শাকদাহ গ্রামবাসীর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ । উদ্বোধন কালে তিনি খেলার সামগ্রী খেলোয়াড়দের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন।
