ঢাকা বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৪.৪৬ পি.এম
আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের উদ্যোগের অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৮৭টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপির উদ্যোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)  সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির বাস্তবায়ন করা হয়। ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মুন্সি, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি শামীমুল ইসলাম শামীম, যুবদল নেতা বেল্লাল ফকির, আসিফ আকবরসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম

মজুমদার বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ করে এবং তার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করে, তাহলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না। গাছকে বড় করে তোলার জন্য নিয়মিত পরিচর্যা, সঠিক সময়ে পানি দেওয়া এবং প্রয়োজনীয় যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক শিক্ষার্থীকে নিজের হাতে লাগানো গাছটির দায়িত্ব নেওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অন্যতম কার্যকর উপায়। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম ও সামাজিক দায়িত্ববোধও গড়ে উঠবে।

উপস্থিত শিক্ষকরা জানান, বিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকান্ডে সম্পৃক্ত করতে ইতিবাচক ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, বিতরণ করা চারাগুলো শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি রোপণ করে যথাযথ পরিচর্যা করবে।