কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ভৈরব নদীর তীরে বৃক্ষরোপণ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা ও নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার কচুয়া বাজার সংলগ্ন ভৈরব নদীর তীরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।
ব্যবসায়ী সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কচুয়া বাজার বণিক সমিতির আহ্বায়ক হাজরা আতিকুল ইসলাম লাভলু ও সদস্য সচিব সরদার সুমন। এছাড়াও কর্মসূচিতে যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, লিওন শিকদার, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম, ইমরান হোসেন এবং স্থানীয় বাজার ব্যবসায়ী মুকেশ বাওয়ালি,দিহি দার শহিদুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির সভাপতি সরদার জাহিদ বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভৈরব নদীর তীর রক্ষায় ও এর সৌন্দর্য বর্ধনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আশা প্রকাশ করেন, ব্যবসায়ী সমিতির এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতে কচুয়া বাজারের সার্বিক কল্যাণে বিশেষ অবদান রাখবে।
