নড়াগাতীর মূলশ্রী চায়ের দোকানে অগ্নিকান্ড
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী গ্রামের দক্ষিণপাড়ায় দেলোয়ার চৌধুরীর চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় দোকানদার দেলোয়ার চৌধুরী নড়াগাতী থানায় অভিযোগ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য ও কারণ উদ্ঘাটন করবে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে আমরা সচেষ্ট আছি।”
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশি তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
