ঢাকা সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বাবুগঞ্জে ঐতিহ্যবাহী রাজারবের খাল পরিষ্কারে ইউএনও

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ১০.৩০ এ.এম
বাবুগঞ্জে ঐতিহ্যবাহী রাজারবের খাল পরিষ্কারে ইউএনও
www.dailyranggaprovat.com

রফিকুল ইসলাম রনি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার ঐতিহ্যবাহী রাজারবের খালের কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযানের নেতৃত্ব দিয়েছেন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। খালের কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন তিনি। এমনকি ইউএনও আসমা উল হুসনা তরুণদের সঙ্গে খালে জমে থাকা কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণে অংশ নেন। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে খালটির স্বাভাবিক নাব্যতা ও পরিবেশ ফিরিয়ে আনতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। আর এ অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এর আয়োজনে প্রায় দুই শতাধিক তরুণ-তরুণী এই স্বেচ্ছাশ্রম কর্মসূচিতে অংশ নেন।

উপজেলার মাধবপাশা ব্রিজ সংলগ্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা, মোস্তাফিজুর রহমান ফারুক, আরিফুর রহমান শিমুল সিকদার এবং রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও আসমা উল হুসনা জানান, দীর্ঘদিন ধরে রাজারবের খালের বিভিন্ন স্থানে বর্জ্য জমা হয়ে পানি প্রবাহ একপ্রকার বন্ধ হয়ে গিয়েছিল। ফলে বর্ষা মৌসুমে এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার পাশাপাশি পরিবেশ দূষণ প্রকট রূপ নেয়। তাই খালটি নিয়মিত পরিষ্কার রাখতে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির এই ধারাবাহিক চেষ্টা অব্যাহত থাকবে।

প্রশাসন ও তরুণ স্বেচ্ছাসেবীদের এই সমন্বিত উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।