আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় শ্রমিকদল নেতাকে হুমকি
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শ্রমিকদল নেতা লিটন সিকদারের স্ত্রী রেশমি বেগম বাদী হয়ে মাদক ব্যবসায়ী উত্তর শিহিপাশা এলাকার রহমান মারামত, রাজু সিকদার ও সিরাজ সিকদারের বিরুদ্ধে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে মাদক ব্যবসায়ী রহমান মারামত, রাজু সিকদার ও সিরাজ সিকদারের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতিদিন সন্ধ্যা হলে তাদের নেতৃত্বে বসে মাদক ইয়াবার হাট। মাদক ইয়াবা মামলায় পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলে গেলেও তারা কৌশলে জামিনে বের হয়ে আবার শুরু করে ইয়াবাসহ নানা মাদক ব্যবসা। সম্প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসী আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী রহমান মারামত, রাজু সিকদার ও সিরাজ সিকদার শনিবার সন্ধ্যায় উত্তর শিহিপাশা গুপ্তেরহাট বাজারের মোসাই খানের দোকানের সামনে বসে শ্রমিকদলের সাধারন সম্পাদক লিটন সিকদারের পথরোধ করে মারধরের চেষ্টা এবং হুমকি প্রদান করে। এঘটনায় এলাকার মানুষ দ্রুত এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য নিয়মিত অভিযান চলছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
