ঢাকা বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলের শুক্তগ্রামে অবৈধ কয়লা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.০২ এ.এম
নড়াইলের শুক্তগ্রামে অবৈধ কয়লা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রাম এলাকায় কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ সময় কারখানায় ব্যবহৃত মালামাল ও কয়লা আটক করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদীতীরবর্তী এলাকায় পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছিল কারখানাটি। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. বেলায়েত শেখ ও মো. শাহিন শেখকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযান পরিচালনার সময় অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

অভিযানের সময় ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে কারখানায় জ্বলতে থাকা আগুন নেভান। পরে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং কারখানায় ব্যবহৃত মালামাল ও কয়লা আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ বলেন, “অভিযান চালিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”

পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।