কলাপাড়া পলাশ ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় পলাশ ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দায়িত্বরত ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এই দণ্ড কার্যকর করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এই অভিযানের নেতৃত্ব দেন। বিএসটিআই পরিদর্শক ও সিনিয়র কৃষি বিপণন কর্মকতাকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
ইয়াসীন সাদেক জানান, পলাশ ফিলিং স্টেশনের তিনটি মেশিনে প্রতি ১০ লিটারে গড়ে ১৪০-১৬০ মিলিলিটার ওজনে কম দিচ্ছিল। তাই ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ও ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া বিএসটিআই কর্তৃক নির্দেশণা দেয়ার আগ পর্যন্ত তেল বিক্রি বন্ধের নির্দেশনা প্রদান করা হয়েছে।
