ঢাকা শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় বাল্য বিয়ে রোধে সচেতনতামূলক অভিভাবক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.৫৭ পি.এম
কচুয়ায় বাল্য বিয়ে রোধে  সচেতনতামূলক  অভিভাবক সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কচুয়ায় জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (UNFPA) অর্থায়নে পরিচালিত 'গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ (GPECM-III)' প্রকল্পের আওতায় বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সম্প্রদায় অংশগ্রহণ (কমিউনিটি এনগেজমেন্ট) সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ও ১১টায় আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয় এবং আন্ধারমানিক বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয় হলরুমে পৃথকভাবে এই সভা ও ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

​আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ মজুমদার এবং আন্ধারমানিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিটুল কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, স্থানীয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মাসফিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক শৈলেন্দ্র নাথ মল্লিক ও নেপাল চন্দ্র রায় এবং স্থানীয় স্বাস্থ্যকর্মী উত্তম কুমার মন্ডল।

​সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি কিশোরীদের শিক্ষা ও শারীরিক বিকাশ ব্যাহত করার পাশাপাশি তাদের স্বাস্থ্যকে চরম ঝুঁকিতে ফেলে। বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং অভিভাবক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজকে একসাথে সচেতন ভূমিকা পালন করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যেন নির্ভয়ে তাদের শিক্ষা জীবন সম্পন্ন করতে পারে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বাল্যবিয়েকে 'না' বলার শপথ গ্রহণের মাধ্যমে ক্যাম্পেইনের সমাপ্তি ঘটে।