মাদারীপুরের নিখোঁজ স্কুল ছাত্রীকে ফিরে পেতে নড়াইল আদালতে পিতার মামলা
নড়াইল প্রতিনিধি : নিখোঁজ সপ্তম শ্রেণীতে পড়ুয়া ১৪ বছরের স্কুল ছাত্রীকে ফিরে পেতে সাংবাদিকদের স্বাক্ষী রেখে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইবুনাল আদালত নড়াইলে মামলা করেছেন মাদারীপুর রাজৈর উপজেলার কন্যা হারা অসহায় পিতা কালু বাড়ৈ।
নড়াইলের ৮জনকে মানব পাচারকারী চক্রের সদস্য উল্লেখ করে এবং ঘটনার অনুসন্ধানের সত্যতার পিছনে থাকা ৪ জন সাংবাদিক সহ স্থানীয় দেবভোগ ওয়ার্ড বিএনপির সভাপতিকে স্বাক্ষী করে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইবুনালে উক্ত মামলা করা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর(মঙ্গলবার) বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে নড়াইল সদর থানাকে এফআইআর এর নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর বাদী কালু বাড়ৈ থানায় উপস্থিত হয়ে মামলার নথিতে স্বাক্ষর করেছেন।
মামলা বিবরণ ও সাংবাদিকদের অনুসন্ধানী বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরাশী গ্রামের কালু বাড়ৈ ও ববিতা বাড়ৈ মেয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া সমাপ্তী বাড়ৈ(১৪) নামের এক বালিকাকে নড়াইল জেলায় এনে লুকিয়ে রেখে জাল নথিপত্র বানিয়ে ভারতে পাচারের পায়তারার তথ্য প্রমাণ মিলেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। এই চক্রের সাথে ভারত থেকে আগত বাপ্পি রায় ওরফে আবির নামের এক যুবকের সম্পৃক্ততারও সত্যতা মিলেছে সাংবাদিকদের কাছে।
ঘটনা অন্তরালের ঘটনা খুঁজতে গিয়ে বেরিয়ে আসে মানবপাচারকারী চক্রের লম্বা ফিরিস্তি। এই চক্রের সাথে জড়িয়ে আছে রাষ্ট্রীয় নিযুক্ত একাধিক ব্যক্তি। শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের দুর সম্পর্কের কাকা অশোক রায়ের বাড়িতে বেড়াতে আসে ভারত থেকে বাপ্পি রায় ওরফে আবির নামের এক যুবক। অশোক রায়ের ছেলে সুব্রত রায়ের সাথে থেকে ভারতীয় যুবক আবির অনলাইনে যোগাযোগ হওয়া মাদারীপুরের সমাপ্তীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নড়াইলে এনে সুব্রত রায়ের বাড়িতে আশ্রয় দেয়। এরপরে পাসপোর্ট করার জন্য মেয়ের নাম ঠিক রেখে বাবা-মায়ের নামের জায়গায় দেবভোগ গ্রামের প্রসেন রায় ও বিথীকা রাণী রায় দম্পতির এনআইডি ব্যবহার করে জন্ম নিবন্ধন তৈরিতে সহযোগিতায় মিঠু রাণী ভদ্র নামের এক শিক্ষিকার বিরুদ্ধে সত্যতার জবানবন্দি দিয়েছে নড়াইল শহরের ইউনাইটেড কম্পিউটারের স্বত্বাধিকারী অনলাইনে এক্সপার্ট নথিপত্র জালের মূলহোতা এবং পাসপোর্ট অফিসের দালাল কৌশিক দাস রায়। এরপরে বেরিয়ে আসে সমাপ্তী বাড়ৈকে রুপসী রায় করা সহ সকল নকল ডকুমেন্টস রাষ্ট্রীয় ভাবে অনুমোদন করিয়ে দেওয়া চক্রের তথ্য। এই চক্রের মুলহোতা বাঐসোনা ইউনিয়ন পরিষদের উদ্দোক্তা নাঈম হোসেন ও ইউনিয়ন পরিষদের সচিব মান্নানের যোগসাজশে ডিজিটাল জন্ম-নিবন্ধন তৈরি করার মতো একটি গুরুতর অপরাধের চিত্র পরিলক্ষিত হয়েছে। শেখহাটি ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন নেওয়ার রাষ্ট্রীয় নিয়ম থাকলেও সেটাকে চক্রান্ত করে সম্পূর্ণ জাল-জালিয়াতির মাধ্যমে বাঐসোনা ইউনিয়ন পরিষদ থেকে ডিজিটাল এই জন্ম নিবন্ধন প্রাপ্তির মূলহোতা উদ্দোক্তা নাঈম হোসেনকে সহযোগিতায় রয়েছে বাঐসোনা ইউনিয়ন পরিষদের সচিব মান্নান। যার সত্যতাও গণমাধ্যমকর্মীদের কাছে এসেছে। একজন ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্দোক্তা চাইলেই যে এতবড় অনিয়ম ও দুর্নীতি করতে পারে সেটা এই অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
মানবপাচারকারী চক্রের এই ঘটনায় প্রথম নয় এমন মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।
উল্লেখ্য যে, মাদারীপুরের সমাপ্তী বাড়ৈ তার পরিবারের কাছে দীর্ঘ প্রায় ৩ মাস যাবৎ নিখোঁজ আছে। এতথ্য নিশ্চিত করেছে তার বাবা কালু বাড়ৈ ও মাতা ববিতা বাড়ৈ।
অনেক খোঁজাখুজির পর একপর্যায়ে কোন হদিস না পেয়ে সমাপ্তী বাড়ৈর পিতা কালু বাড়ৈ রাজৈর থানার অফিসার ইনচার্জ বরাবর তার মেয়েকে অপহরণ করা হয়েছে এবং পাচারকারী চক্রের হাতে সমাপ্তী বাড়ৈ জিম্মি আছে উল্লেখ করে একটি অভিযোগ করেছিলেন। পরবর্তীতে নিরুপায় হয়ে সাংবাদিকদের সহযোগিতায় মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইবুনাল নড়াইলে মামলা দায়ের করেন।
এব্যাপারে জানতে চাইলে উক্ত ঘটনা অনুসন্ধান ও মামলার স্বাক্ষী নড়াইল জেলার দৈনিক দিনকালের প্রতিনিধি ও রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল বলেন, আমাদের একটা টিম দীর্ঘদিন ধরে এই মানব পাচারকারী চক্রের তথ্য অনুসন্ধানে মাদারীপুরের নিখোঁজ সমাপ্তী বাড়ৈ সম্পর্কে অনেক তথ্য প্রমাণ হাতে পেয়েছে। এই চক্রের জড়িয়ে আছে রাষ্ট্র নিযুক্ত একাধিক ব্যক্তি। তা-না হলে সমাপ্তী বাড়ৈকে নড়াইলে একে রুপসী রায় বানানো এতোটা সহজ নয়। আমরা এর বিজ্ঞ আদালতের কাছে সুষ্ঠ বিচার প্রত্যাশী।
মানব পাচারকারী চক্রের অনুসন্ধান ও মামলার আরেক স্বাক্ষী দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি সাংবাদিক সুমন চক্রবর্তী বলেন, আমাদের দীর্ঘ অনুসন্ধানে মানব পাচারকারী চক্রের একাধিক সত্যতা বেরিয়ে এসেছে। একটা অন্য জেলার ১৪ বছরের মেয়ের নাম-ঠিকানা পরিবর্তন করে একাধিক নথিপত্র জাল করে পাসপোর্ট তৈরি করতে নড়াইলের এই চক্রের খুব বেশি সময় লাগেনি। আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করে এই চক্রকে নির্মূল করে এবং নিখোঁজ সমাপ্তি বাড়ৈকে তার অসহায় পিতার হাতে তুলে দিতে চাই।
