কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার সকাল ১১টায় কলারোয়ায় সাবেক এমপির বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে স্কাউট সদস্যদের উদ্দেশে নিয়ম-শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি স্কাউট সদস্যদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ও নিয়ম-শৃঙ্খলার চর্চা করার এবং এই আদর্শগুলো মনেপ্রাণে ধারণ করার পরামর্শ দেন।
সাক্ষাৎকালে স্কাউট সদস্যরা তাদের খেলাধুলার সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব স্কাউট দলের জন্য এক সেট ক্রিকেট ব্যাট-বলসহ প্রয়োজনীয় খেলাধুলার সরঞ্জাম দেওয়ার আশ্বাস দেন। খেলার সরঞ্জাম পাওয়ার কথা শুনে স্কাউট সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। তারা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, স্কুল পর্যায়ের স্কাউট সদস্য ফাহিম, সামিয়া, তানিশা, আলিফ, সজীব, হাসিব, তাসিন, আরাফ, নুসরাত জাহান, মেহেরাব, শান্ত প্রমুখ।
