ঢাকা মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

শেষবারের মতো পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান গোলাম মোর্শেদ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.৪৯ পি.এম
শেষবারের মতো পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান গোলাম মোর্শেদ
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী পেড়লী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান দলের ত্যাগী নেতা শেখ গোলাম মোর্শেদ। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই নেতা ২০১৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সাংবাদিকদের এক সাক্ষাৎকারে  নিজের প্রার্থিতার ইচ্ছার কথা জানান গোলাম মোর্শেদ। এ সময় তিনি বলেন, দলের মনোনয়ন পেলে জীবনের শেষ পর্যায়ে আরেকবার জনগণের সেবা করার সুযোগ চান তিনি।

গোলাম মোর্শেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ২০১৭ সালে দলের কঠিন সময়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি পেড়লী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন। ওই সময় ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও তারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী ছিলেন না বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, সে সময় কালিয়া উপজেলা বিএনপির তৎকালীন সহসভাপতি নজরুল সাহেব তাকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন। দলীয় স্বার্থে তিনি ঝুঁকি নিয়ে নির্বাচনে অংশগ্রহণে সম্মত হন। নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি ১ হাজার ৭৭৯ ভোট পান এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে জয়ী হন বলে জানান।

গোলাম মোর্শেদ বলেন, ‘‘তৎকালীন পরিস্থিতিতে আমি জানতাম, জয়লাভ করা কঠিন। এরপরও দলের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে নির্বাচনে অংশ নিয়েছিলাম। নানা বাধার কারণে স্বাভাবিকভাবে ভোট চাইতে পারিনি। আমার ছেলে, পুত্রবধূ, দুই মেয়ে, স্ত্রী, ভাইপো এবং হাতেগোনা কয়েকজন কর্মী আমার পক্ষে ভোট চেয়েছেন।’’

তিনি আরও বলেন, ‘‘দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বলেছিলাম, আমাকে বিজয়ী করার জন্য ধানের শীষে ভোট দেবেন, তবে প্রকাশ্যে না এসে গোপনে ভোট দেবেন। আমার মতো আরও অনেক নেতাকর্মী সে সময় দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশ নিয়ে বিএনপির কঠিন সময়ে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করেছেন।’’

গোলাম মোর্শেদ বলেন, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম সার্বিক বিষয় বিবেচনা করে তাকে দলীয় মনোনয়ন দিলে তিনি পেড়লী ইউনিয়নে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। বিশ্বাস জাহাঙ্গীর আলম বর্তমানে নড়াইল জেলা বিএনপির সভাপতি এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজের বয়সের কথা উল্লেখ করে গোলাম মোর্শেদ বলেন, তার বয়স এখন ৭৩ বছর। তাই জীবনের শেষ পর্যায়ে অন্তত একবার দলীয় মনোনয়ন দিয়ে দেশ, দল ও পেড়লী ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য তিনি দলের সংশ্লিষ্ট নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, ‘‘আমার হয়তো আর সম্ভব হবে না। তাই শেষ মুহূর্তে একবার সুযোগ চাই। দল আমাকে মনোনয়ন দিলে পেড়লী ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই।’’

উল্লেখ্য, ২০১৭ সালের পেড়লী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গোলাম মোর্শেদ শেখ ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে সে সময়ের সংবাদ প্রতিবেদনে উল্লেখ রয়েছে।