মুলাদীর চরকালেখানে ইউনিয়নে হিরা মৃধাকে ঘিরে ব্যাপক আলোচনা
বরিশাল প্রতিনিধি : নদীবেষ্টিত বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দীর্ঘদিনের অবহেলিত ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন মো. মেজবাহ উদ্দিন হিরা মৃধা। হিরা মৃধা চরকালেখান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী মৃধা বাড়ির ছেলে। মুলাদী উপজেলা যুবদল নেতা মেজবাহ উদ্দিন হিরা মৃধা বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্যর আস্থাভাজন ব্যাক্তি।
অবহেলিত ৭ নম্বর ওয়ার্ডবাসীর জোরালো দাবির প্রেক্ষিতে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা মেজবাহ উদ্দিন হিরা মৃধা বলেন, ওয়ার্ডবাসীর জোরালো দাবির প্রেক্ষিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নিজেকে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। ইনশআল্লাহ আমি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারলে পুরো ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করতে চাই।
স্থানীয় প্রবীণ ব্যক্তি আব্দুল মান্নান, যুবক ইসমাইল হোসেনসহ অনেকেই বলেছেন, যুবদল নেতা মেজবাহ উদ্দিন হিরা মৃধা একজন নম্র, ভদ্র ও যোগ্য প্রার্থী। তাকে আমাদের ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করতে পারলে দীর্ঘদিনের অবেহলার কলঙ্ক থেকে ৭ নম্বর ওয়ার্ডটি মুক্তি পাবে। তাই দলমত নির্বিশেষ এ ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দারা উন্নয়নের স্বার্থে মেজবাহ উদ্দিন হিরা মৃধার পক্ষে একজোট হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
