মহম্মদপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা গ্রামে সাবেক ইউপি সদস্য ঝর্না বেগমের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্রসহ পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঝামা গ্রামের ঝর্না বেগমের বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ ঘটনায় ঘরে থাকা একটি পালসার মোটরবাইক, ফ্রিজ, পাঠ, আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মত পৌঁছাতে পারেনি। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষনিক মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ সহ অন্যান্য সংবাদকর্মী রা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে শুকনো খাবার ও বেশ কয়েকটি কম্বলের ব্যবস্থা করা হয় এবং পরে আরো সহযোগিতা করে পরিবারটি'র পাশে থাকার আশ্বাস দেন।
আকস্মিক এই অগ্নিকাণ্ডে পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
