ঢাকা বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

উজিরপুরে ব্ল্যাকমেইল-মাদকসহ নানা অভিযোগ, প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৪.০৯ এ.এম
উজিরপুরে ব্ল্যাকমেইল-মাদকসহ নানা অভিযোগ, প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আউয়াল সরদারের ছেলে মেহেদী সরদারের বিরুদ্ধে মাদক সেবন, জুয়া ও বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার গুরুত্বর অভিযোগ উঠেছে। একইসাথে নারী-পুরুষের গোপনে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি বা ব্ল্যাকমেইল করার অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে মেহেদী সরদার এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছে। মাদক সেবনের অর্থ জোগাড় করতে তিনি বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত মুহুর্তের ভিডিও গোপনে ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে টাকা দাবি করেন। এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অপরদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বড়াকোঠা বাজারে মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদে এবং মেহেদী সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বড়াকোঠা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা এলাকায় মাদক, জুয়া ও ব্ল্যাকমেইলসহ কথিত অসামাজিক কর্মকান্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, বড়াকোঠা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আনিস মহাজন, বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আরিফ, স্থানীয় বাসিন্দা মো. এরশাদ, রফিক, লিটন মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, এলাকায় মাদক ও কথিত ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তবে মেহেদী সরদারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য নেয়া যায়নি।