আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-III) প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ। ইএসডিও- আইসিআরডিসিভি-III প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর আরিফা খানমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন সরকারি লাইন ডিপার্টমেন্টের ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি, সাংবাদিক, নারী প্রতিনিধি, সিপিপির সদস্য, কৃষক প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ প্রায় ৫০ জন।
সভায় প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ ইএসডিও বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও কিছু কার্যক্রম সম্প্রসারণের অনুরোধ জানান। শিক্ষক প্রতিনিধি এস এম ইয়াহিয়া ইকবাল বলেন, ইউনিয়নের সকল সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে সুসমন্বয়ের মাধ্যমে আরও ব্যাপক উন্নয়ন কার্যক্রম এবং দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে কাজ করা প্রয়োজন। তিনি এ ক্ষেত্রে ইএসডিওর কার্যক্রমের প্রশংসা করেন। উন্মুক্ত আলোচনায় সিপিপি সদস্য রবিউল ইসলামসহ অন্যান্য অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কার্যক্রমের বিষয় তুলে ধরেন। তারা অগ্রাধিকারভিত্তিক সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দুর্যোগ ঝুঁকি হ্রাসে ইএসডিও ও মুসলিম এইডের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সুযোগ সৃষ্টি হলে এসব কার্যক্রম আরও সম্প্রসারণের অনুরোধ জানান।
এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আশাশুনি সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্ধারিত তারিখ অনুযায়ী ছাগলের পিপিআর (PPR) এবং মুরগির রানীক্ষেত রোগের টিকাদান কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া ইএসডিও-আইসিআরডিসিভি-III প্রকল্পের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর এস কে জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।
