কালীগঞ্জে জাগরণ প্রকল্পের আওতায় যুব গ্রুপের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে প্রজেক্ট জাগরণ-এর আওতায় তিন দিনব্যাপী যুব গ্রুপ প্রশিক্ষণ আজ সমাপ্ত হয়েছে। আগরগতি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১৫ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক, আব্দুস সবুর বিশ্বাস, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (BYLC)-এর হেড অব রিসার্চ অ্যান্ড মনিটরিং স্পেশালিস্ট আবুল খায়ের সজীব ভূঁইয়া, প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন এবং মাস্টার ট্রেইনার খালিদ হাসান ও গোলাম মোস্তফা।
মাঠপর্যায়ে প্রজেক্ট জাগরণ-এর মূল কার্যক্রম শুরুর অংশ হিসেবে এ তিন দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুবকদের নেতৃত্ব বিকাশ, নাগরিক সম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রজেক্ট জাগরণ বাস্তবায়ন করছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (BYLC) এবং এর কনসোর্টিয়ামভুক্ত অংশীদার সংগঠনগুলো। প্রকল্পটি ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)’ কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে। এতে অর্থায়ন করছে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশে কানাডার হাইকমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নাগরিক উদ্যোগ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
