ঢাকা রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কেক কেটে বিএমজেপির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ১১.৩৬ এ.এম
কেক কেটে বিএমজেপির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নয় বছর পেরিয়ে ১০ম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইন্দিরা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় অবস্থানরত দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন জেলা ও দেশের বাইরে অবস্থানরত সাংগঠনিক নেতৃবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকৃতি কুমার মন্ডল বলেন, ২০১৭ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বিএমজেপির যাত্রা শুরু হয়। নানা চড়াই-উতরাই পেরিয়ে নেতাকর্মীদের ত্যাগ ও ভালোবাসার মাধ্যমে দলটি আজ একটি সুদৃঢ় অবস্থানে পৌঁছেছে।

দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মিডিয়া কমিটির আহ্বায়ক আর.কে মন্ডল রবিন বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এর মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়সহ নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করতে হবে।

তিনি দেশ-বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনস্বার্থে এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় দলের মহাসচিব দিলীপ কুমার দাস, কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার প্রবীর গোপাল রায়, অজিত চৌধুরী, তরুণ ঘোষ, মিডিয়া সম্পাদক পিনাক্ষী চৌধুরী, দপ্তর সম্পাদক সঞ্জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জগদীশ চন্দ্র বর্মন, শাহাবুদ্দিন মাহতাবসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় দলের যুব, ছাত্র ও নারী পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।