ঢাকা সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

২৭ বছর পর সেই এরশাদ শিকদারের সহযোগি জয়নাল গ্রেপ্তার

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০২.১৬ পি.এম
২৭ বছর পর সেই এরশাদ শিকদারের সহযোগি জয়নাল গ্রেপ্তার
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : পরিচয় গোপন রেখে একটানা ২৭ বছর আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত ও কুয়েতে আত্মগোপন।

অবশেষে বরিশাল এসআরবি-৮ এর জালে গ্রেপ্তার হয়েছেন খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদার।

রবিবার দুপুরে এসআরবি সূত্রে জানা গেছে, যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদার (৫৫) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

সূত্রে আরও জানা গেছে, এসআরবি-৮ ও ৬ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে খুলনার মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। 

অভিযানে, চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়।

১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়েরকৃত হত্যা মামলার (যার নং- ৫, তারিখ- ২৪/০৯/১৯৯৯) আসামি জয়নাল সরদার।

ওই মামলায় আদালতের বিচারক জয়নাল সরদারকে প্রথমে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একইসাথে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও পাঁচ বছর সশ্রম কারাদন্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, যেই চাঞ্চল্যকর হত্যা মামলায় খুনি এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল, সেই একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদার।

এসআরবি সূত্রে আরও জানা গেছে, আসামি জয়নাল দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামি জয়নাল সরদারকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।