ডেঙ্গু প্রতিরোধে নড়াগাতীর বড়দিয়া বাজারে পরিচ্ছন্নতা অভিযান
নড়াইল প্রতিনিধি : ডেঙ্গুর বিস্তার রোধে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার দুপুরে বড়দিয়া বাজার কমিটির উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, নোংরা স্থান পরিষ্কার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজেদের দোকান ও আশপাশের স্থান পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি ও বড়দিয়া বাজার কমিটির আহ্বায়ক খান মতিয়ার রহমান, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোল্লা সাহাদাৎ হোসেন, কোটাখোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা জিকরুল আলমসহ বাজার কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার বংশবিস্তারস্থল ধ্বংস করা জরুরি। বিশেষ করে বাজার, বাড়িঘর, দোকানপাট ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। একই সঙ্গে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে এডিস মশার প্রজননস্থল অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
বড়দিয়া বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও কার্যক্রম চালানো হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে এ ধরনের সম্মিলিত পরিচ্ছন্নতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
