আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৫
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে ২৭ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে প্রতাপনগর গ্রামের মৃত মফেজ আলী গাজীর ছেলে ওয়ার্ড আ'লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রজব আলী (আশাশুনি থানার মামলা নং-২৩, তারিখ ২৩/০৬/২০২৬), তুয়ারডাঙ্গা গ্রামের মৃত ঘনশ্যাম মণ্ডলের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মণ্ডল,
প্রতাপনগর গ্রামের আক্তারুজ্জামান মোড়লের ছেলে রাসেল আহমেদ (১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ), উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ হাজার টাকা। তার বিরুদ্ধে আশাশুনি থানার মামলা নং-১৭, তারিখ ২৭/০৯/২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা হয়েছে।
ডুমুরপোতা কেয়ারগাতী গ্রামের মো. আফিল গাজীর ছেলে মো. আরিফুল গাজীকেও গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সিআর-৩০১/২২ (বোয়ালিয়া) মামলায় ১ বছরের সাজা ও ৮ লাখ টাকা জরিমানা রয়েছে।
এ ছাড়া প্রতাপনগর গ্রামের মো. খোকা হাওলাদারের ছেলে মো. মেহেদী হাসান (২৫)কে আশাশুনি থানার মামলা নং-১৬, তারিখ ২৩/০৯/২০২৬, দণ্ডবিধির ৪৩৫/৪২৭/৩৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৫ আসামিকে পুলিশি প্রহরায় সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আশাশুনি থানার ওসি মো. জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
