কচুয়ার দোবাড়িয়া বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ জরাজীর্ণ ভবনে
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার দোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি এখন চরম জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ভেতরে পানি পড়ে, আর ছাদের প্লাস্টার খুলে নিচে পড়ে ঘটে দুর্ঘটনা। জরাজীর্ণ এই ভবনের কারণে বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর স্বাভাবিক লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে বিদ্যালয় ভবনটি নির্মিত হয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পার হলেও ভবনটিতে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় এটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে, অনেক স্থানের আস্তর ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে কোমলমতি শিক্ষার্থীদের খাতা-বই ভিজে যায় এবং ক্লাস বন্ধ রাখতে হয়।
বিদ্যালয়ে বর্তমানে দুই শিফটে প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। দুর্ঘটনার আতঙ্ক মাথার ওপর নিয়েই প্রতিদিন তাদের ক্লাস করতে হচ্ছে। অনেক অভিভাবকই নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক অঞ্জনা ঘোষ জানান, শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে রক্ষা করতে এবং একটি নতুন ভবনের দাবিতে তিনি বাগেরহাট-২ আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত বরাবর লিখিত আবেদন করেছিলেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার বা সুরাহা মেলেনি।
বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থার কথা তুলে ধরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অবিলম্বে এই স্থানে একটি নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
