বরেণ্য সাহিত্যিক প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান এর ৮০ তম জন্মদিন
সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে : কবি বলেছেন মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচবার চাই।
বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক দুই বাংলায় সাহিত্য অঙ্গনের জনপ্রিয় লেখক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমানের আজ ২৯ শে সেপ্টেম্বর ২০২৬, স্যারের ৮০ তম জন্মদিন। ১০ বছর আগে আমরা উদযাপন করেছিলাম গাজী আজিজুর রহমান স্যারের দুরন্ত ৭০ তম জন্মদিন। এবার পালিত হচ্ছে চলন্ত ৮০ তম জন্মদিন। বরেণ্য সাহিত্যিক গাজী আজিজুর রহমানের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। জন্ম ১৯৪৭ সালের ২৯শে সেপ্টেম্বর ভারতের দার্জিলিংয়ে। বাবা কাসেম আলী গাজী, মা করিমন্নেসা। তার স্ত্রী একজন মহীয়সী রত্নগর্ভা নারী। তার তিন পুত্র, সবাই স্ব স্ব কর্মস্থলে দীপ্যমান।বড়ছেলে ইমরুল ইউসুফ বাংলা একাডেমির উপ পরিচালক, মেঝ ছেলে জামিরুল জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে সর্বোচ্চ ডিগ্রী নিয়ে একটি নামী কোম্পানির পদস্থ কর্মকর্তা, ছোট ছেলে আসিফ আজিজও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিভাগের সর্বোচ্চ ডিগ্রী নিয়ে জাতীয় দৈনিক জাগে নিউজ এর বার্তা বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছে।
গাজী আজিজুর রহমান লেখক-প্রাবন্ধিক-গবেষক-নাট্যকার-সম্পাদক। অবসরপ্রাপ্ত অধ্যাপক কালিগঞ্জ সরকারি কলেজ।
গাজী আজিজুর রহমানের লেখালেখির প্রিয় বিষয় মৃত্যু, আত্মহত্যা, বিশ্বসাহিত্য, ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, কবিতা এবং আধুনিকতা।
তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ, প্রবন্ধ গবেষণা : বাঙলা ও বাঙালিয়ানা (২০২৫), ভ্রামণিক রবীন্দ্রনাথ (২০১৯), কবিদের কবি : জীবনানন্দ দাশ শামসুর রাহমান আবুল হাসান (২০১০ ও ২০১৮), বাংলার দ্বিতীয় রেনেসাঁ (২০১৮), স্বদেশ ভাবনা ও বঙ্গবন্ধু (২০১৭), সাহিত্যে সমাজবাস্তবতার ধারা (১৯৯২ ও ২০১৪), স্বেচ্ছামৃত্যুর করতলে কবি (১৯৯৬ ও ২০১৫), কালীগঞ্জের ইতিহাস ও মুক্তিযুদ্ধ (২০১৪), সাহিত্য ও সিংহাসন (১৯৯৯), আধুনিক বাংলা উপন্যাসের বিষয় ও শিল্পরূপ (২০০৯), সাতক্ষীরার ভাষা ও শব্দকোষ (২০০৪), নোবেল সাহিত্য পুরস্কারের শতবর্ষ (২০০১); সম্পাদনা : মরণরে তুহু মম (২০০৪) এবং খান আনসার উদ্দীন আহমেদ রচনাবলী (১৯৯৯); উপন্যাস : জায়েদামঙ্গল (২০২০), বজ্রের বাঁশি (১৯৮৯), যোদ্ধার জতুগৃহ (১৯৯১), শামুক (১৯৯৬); নাটক : সক্রেটিস (১৯৯৩), চন্দ্রাবতী (১৯৯৬), কালো সূর্যের নিচে (১৯৯১), অভাজন (১৯৯৯)। পাঞ্জেরী প্রকাশনী থেকে শীঘ্র প্রকাশিত হচ্ছে প্রবন্ধের বই 'বাংলাদেশের কথাসাহিত্যের স্বরূপ'। পাণ্ডুলিপি চূড়ান্ত 'দেশ-বিদেশের সাহিত্য' ও 'প্রসঙ্গ : শিল্প সাহিত্য সংস্কৃতি'।
সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সোনার বাংলা সাহিত্য পরিষদ সাহিত্য সম্মাননা (২০২৩), সাতক্ষীরা সাহিত্য একাডেমি পুরস্কার (১৯৯৫), শিমুল-পলাশ সাহিত্য পুরস্কার, (কলকাতা ২০০৪), বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চাকেন্দ্র পুরস্কার (২০০৭), সিকানদার আবু জাফর পদক (২০১২), কবি সুকান্ত পুরস্কার (কলকাতা ২০১৫)। কালিগঞ্জ প্রেসক্লাবের রজতজয়ন্তী সম্মাননা ২০০৯, দীর্ঘদিন সম্পাদনা করে যাচ্ছেন নদী নামের একটি সাহিত্যপত্র।
। তিনি এই বয়সেও এখনো পড়াশোনা করেন, লেখালেখি করেন, সামাজিক বিভিন্ন কাজে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন। যেকোনো অনুষ্ঠান বা সাহিত্য অঙ্গনে বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তিনি বক্তব্যে বাধাহীনভাবে সাবলীল ভাবে অত্যন্ত চমৎকার নান্দনিক কথার মধ্য দিয়ে সকলকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। স্যারের পরিবার-পরিজন নিয়ে এভাবে আরও দীর্ঘদিন তিনি নিবেদিত থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, স্যারের দীর্ঘায়ু কামনা করি স্যারের ৮০ তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানাই।
