ঢাকা বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে জামাতাকে পিটিয়ে জখম

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.২৫ পি.এম
শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে জামাতাকে পিটিয়ে জখম
www.dailyranggaprovat.com

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : : জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক বিরোধের জেরধরে মেহেদী হাসান নামের এক যুবককে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

​ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ থানার দত্তেরচর মিরেপাড়া এলাকায়। ভুক্তভোগী মেহেদী হাসান বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস পূর্বে মেহেদী হাসানের সাথে দিপু মনির পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর দিপু মনি বাবার বাড়িতে বেড়াতে যান। 

এরপর দিপু মনি আর স্বামীর বাড়িতে ফিরে আসেননি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। 

​পরবর্তীতে সমঝোতার উদ্দেশ্যে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মেহেদী হাসান তার শ্বশুরবাড়ি দত্তেরচর মিরেপাড়ায় যায়। এসময় বিবাদীরা তাকে ঘরের ভেতর আটকে রেখে লোহার রড ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে। 

এতে তার বাম হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্নস্থানে গুরুত্বর রক্তাক্ত জখম হয়।

মারধরের সময় তার পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি আইফোন ছিনিয়ে নেওয়া হয়। 

পরবর্তীতে তার চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ছয়জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মেহেদী হাসান।

ভুক্তভোগী পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

তবে অভিযোগের ব্যাপারে অভিযুক্তদের সাথে অসংখ্যবার যোগাযোগ করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।