মহম্মদপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্দপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা ।
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত পরিশ্রম করে মাটি, খড় ও রঙের নিপুণ কারুকাজে দেবী দুর্গাসহ বিভিন্ন প্রতিমাকে রূপ দিচ্ছেন তারা। তবে মাটি ও রঙসহ উপকরণের দাম বেড়ে যাওয়ায় এবার প্রত্যাশিত লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন শিল্পীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, খড় দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমার কাঠামো। এর ওপর দেওয়া হচ্ছে মাটির প্রলেপ। এরপর ধীরে ধীরে ফুটিয়ে তোলা হচ্ছে হাত, মুখমণ্ডল ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ। সবশেষে রং-তুলির আঁচড়ে মৃন্ময়ী প্রতিমায় ফুটে উঠবে দেবীর পূর্ণাঙ্গ রূপ।
মহম্মদপুর উপজেলার ৮ টি ইউনিয়নে এবছর মোট ১৩০ টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ চলছে পুরোদমে।
মহম্মদপুর সদর সার্বজনীন শিব মন্দিরের প্রতিমা তৈরি করছেন বোয়ালমারী উপজেলার জয়নগর গ্রামের নিরাঞ্জন পাল।তিনি ২০ বছরের অধিক সময় ধরে প্রতিমা তৈরি করছেন।
বংশপরম্পরায় প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
শিল্পীদের রং-তুলির আঁচড়ে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে প্রতিমা প্রতিমা। দেবীপক্ষের আগমনের সঙ্গে এসব প্রতিমা স্থান পাবে বিভিন্ন পূজামণ্ডপে।
মহম্মদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী জানান - পূজারীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ ও শঙ্কা। সব শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।
