কচুয়ায় ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা, পুকুরে ভাসছিল লাশ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় ঘরের ভেতর ঢুকে হোসনে আরা বেগম (৫০) নামে এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যা করে লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের কয়েলের বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোসনে আরা বেগম ওই এলাকার মৃত হানিফ শিকদারের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিহত হোসনে আরার একমাত্র ছেলে মোঃ হাসিব শিকদার মাকে ঘরে রেখে ইজিবাইক নিয়ে ভাড়ায় ট্রিপ দিতে বাগেরহাট শহরে যান। রাত ৮টার দিকে প্রতিবেশী বিমলের স্ত্রী হোসনে আরার ঘরের ফ্রিজে দুধ রাখার জন্য এসে তাকে একাধিকবার ডাকতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি নিহতের বড় সতীন-পুত্রবধূ হীরা আক্তারসহ অন্যান্য স্বজনদের বিষয়টি জানান এবং সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে ছেলে হাসিব ট্রিপ শেষ করে বাড়ি ফিরে মাকে ঘরে না পেয়ে স্বজনদের সঙ্গে নিয়ে চারপাশে সন্ধান চালাতে থাকেন। একপর্যায়ে ঘরের পাশের পুকুরের পানিতে হোসনে আরা বেগমকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে হাসিবের সৎ ভাই হারুনসহ স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন।
ঘটনার পরপরই ছেলে হাসিব জরুরি সেবায় কল করে পুলিশকে বিষয়টি জানান এবং পরিবারের পক্ষ থেকে বিচার ও সহায়তার আকুতি জানানো হয়।
খবর পেয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এছাড়া বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাবিহা মেহবুবা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
