ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬০০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার নরনিয়া কাটাখাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে অধিদপ্তরের এস আই জাহানারা খাতুন এবং এ এস আই আব্দুল হালিমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুকনগর বাসষ্ট্যান্ড থেকে ৩কিলোমিটার দুরে চুকনগর-যশোর সড়কের কাটাখাল গুটলেতলা মোড়ে অবস্থান নেয়। এক পর্যায়ে যশোর থেকে চুকনগর অভিমুখে আসা একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫০৯২) উক্ত স্থানে পৌঁছুলে বাসটির গতিরোধ করা হয়। বাসটি তল্লাশীর সময় বাসের মাঝখানে ডান পাশের একটি সিটে বসে থাকা সন্দেহজনক এক ব্যাক্তিকে নামিয়ে এনে তার দেহ তল্লাশী করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম আব্দুল গাফফার (৩৯)। সে খুলনার পাইকগাছা উপজেলার সোবহান মোড়লের ছেলে। আটক ব্যক্তিকে বুধবার রাতে ডুমুরিয়া থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার এস আই জাহানারা খাতুন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার আটক গাফফারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান।
