কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদর ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী দুই শিশু হলো সিংহলাল গ্রামের ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস(৩) ও ছেলে সানজাদুল ইসলাম (২)। এরা এক বছর বয়সের ব্যবধানের দুই ভাই-বোন। তাদের বাবা মালয়েশিয়ায় থাকেন।
জানা গেছে, শিশুদের মা ও পরিবারের অপর সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির পাশে ডোবায় পানিতে পড়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসসান অবস্থায় উদ্ধার করেন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও তাদের আর বাঁচানো যায়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে ফুটফুটে আপন দুই ভাই- বোন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যুর ঘটনা সাংবাদিকদের নিশ্চিত করেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
