দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আছাফুর রহমান (৫৫)কে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আছাফুর রহমান কদমখালী গ্রামের কফিল উদ্দীনের ছেলে।
দেবহাটা থানা পুলিশ সূত্র জানায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইব্রাহিম মোল্ল্যার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আছাফুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দেবহাটা উপজেলার কদমখালী-শশাডাঙ্গা এলাকায় একটি পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মামলার বাদী ও ভুক্তভোগীদের অভিযোগ, ঐ সময় কয়েকজন ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে খামার মালিকের স্বজনদের জিম্মি করে এবং খামার থেকে প্রায় ৬৫০টি সোনালি মুরগি, মুরগির খাবার, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে আছাফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। (ওসি) এইচ এম শাহীন বলেন, পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় আছাফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
