ঢাকা মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬ ২১ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পালপাড়ার এবারের নতুন চমক সাদা তিলে গড়া দুর্গা প্রতিমা

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.১৯ পি.এম
পালপাড়ার এবারের নতুন চমক সাদা তিলে গড়া দুর্গা প্রতিমা
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ার উত্তর মুরারিকাটি পালপাড়ায় দুর্গাপূজায় প্রতিমার শোভাবর্ধনে নতুনত্ব থাকে প্রতিবারই। প্রতিমার জৌলুসে ব্যতিক্রমী সৃষ্টিশীলতায় সম্পূর্ণ ভিন্ন ধারা প্রবর্তন করা হয়ে থাকে এখানে। এরই ধারাবাহিকতায় এবার পালপাড়ার পূজা আয়োজকরা দেশীয় খাদ্যশস্য সাদা তিল বসিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করিয়েছেন। ২০২৩ সালে চিনিগুঁড়া ধান দিয়ে তৈরির পর গত বছর পাটের আঁশ দিয়ে প্রতিমা করা তৈরি হয়। আর এবার এখানে সবগুলো প্রতিমায় বিশেষ পদ্ধতিতে সাদা তিল বসিয়ে প্রতিমার শোভাবর্ধন করা হয়েছে। প্রতিমাগুলোতে প্রায় ২৫ কেজি সাদা তিল দিয়ে মোড়ানো হয়েছে। অনেক আগেই এই পূজামণ্ডপে প্রতিমা তৈরি হয়ে গেছে। এখন আঁটা দিয়ে প্রতিমার গায়ে স্থাপন করা হচ্ছে সাদা তিল। তিল বসানোর কাজ আরও দুই দিন লাগতে পারে বলে প্রতিমা কারিগর বাবু প্রহ্লাদ বিশ্বাস  জানান। সোমবার এই পূজামণ্ডপ সরেজমিন পরিদর্শনকালে খুলনার পাইকগাছার কপিলমুনির এই গুণী ভাস্কর জানান, এই প্রতিমা গড়তে ও সাদা তিল বসিয়ে রংয়ের কাজ শেষ করতে সব মিলিয়ে তাদের ১৫ দিনের মতো সময় লাগছে। তিনি তাঁর চার সহকর্মী নিয়ে দিনরাত তিল বসানো ও রঙের কাজ করে যাচ্ছেন।  কলারোয়া পৌরসভাধীন উত্তর মুরারিকাটি পালপাড়া সর্বজনীন পূজামণ্ডপের এই ব্যতিক্রমী সৃজনকর্ম সচক্ষে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, অসুর, মহিষাসুরসহ সবকটি প্রতিমা মোড়ানো হয়েছে সাদা তিল দিয়ে । এই মণ্ডপে মোট ১৬টি প্রতিমা গড়া হয়েছে। প্রতিটি প্রতিমার গায়ে সাদা তিলের আবরণ । প্রতিমা শিল্পী প্রহ্লাদ বাবু জানান, পরিষ্কার সাদা তিল হাতের তালুতে নিয়ে প্রতিমার গায়ে বসিয়ে দেওয়ার কাজটি বেশ কঠিন। পূজা মন্ডপ কমিটির কোষাধ্যক্ষ অশ্বিন পাল জানান, এবার প্রতিমা তৈরিতে তাদের পাঁচ লক্ষ টাকার ওপরে খরচ পড়ছে। তিনি বলেন, পাটের আঁশের প্রতিমার পর এবছর নতুন কিছু করে দেখানোর জন্য পূজামণ্ডপের দায়িত্বশীলরা আলোচনা করে এই সাদা তিলের  মোড়কে প্রতিমা নির্মাণের সর্বসম্মত সিদ্ধান্ত নেন। তিনি বলেন, কলারোয়া উপজেলার মধ্যে আমরাই পেরেছি নতুন কিছু করে দেখাতে। শিক্ষক প্রদীপ পাল বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। শিক্ষক প্রদীপ পাল আরও বলেন, চিনিগুঁড়া ধানের গড়া প্রতিমা পাটেরা আঁশের প্রতিমা দেশের সীমানা পেরিয়ে বিদেশেও সুখ্যাতি পেয়েছিলো। আমাদের বিশ্বাস, দেশীয় খাদ্যশস্য  সাদা তিল দিয়ে গড়া এই প্রতিমাও সবখানেই দ্যুতি ছড়াবে। পালপাড়া পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের মতে, সাদা তিল দিয়ে প্রতিমা তৈরি শুধু ব্যতিক্রম ও নতুনধারা নয় বরং কৃষিনির্ভর বাংলাদেশের শিকড় ও ঐতিহ্যকে তুলে ধরার এটি একটি প্রয়াস। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু প্রকাশ হালদার জানান, এবছর কলারোয়া উপজেলায় ৪৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এরমধ্যে উত্তর মুরারিকাটি পালপাড়া পূজামণ্ডপে বিশেষভাবে গড়া সাদা তিলের মোড়কের এই প্রতিমা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের নজর কেড়েছে বহুমাত্রায়।