পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রাম জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অরুণ পালিত (বাসু), সহ-সভাপতি দীপক তালুকদার এবং সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।
জানা গেছে, ২০২৬ সালে রাউজান উপজেলায় মোট ২৩৩ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় রাউজান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা চলাকালে সম্ভাব্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়।
এছাড়া পূজামণ্ডপ পরিচালনা কমিটি, পূজা উদযাপন পরিষদ, স্বেচ্ছাসেবক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ, মণ্ডপ পরিচালনা কমিটি, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
