কীর্তনখোলা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ
বরিশাল প্রতিনিধি : বরিশালের কীর্তনখোলা নদীতে ভাসছিল এক যুবকের অর্ধগলিত মরদেহ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার দুপুরে নগরের বেলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহটি তিন থেকে চার দিন আগে পানিতে পড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।
উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম শিকদার বলেন, বুধবার দুপুরে কীর্তনখোলা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল। কয়েক দিন পানিতে থাকায় শরীরে পচন ধরেছে। এ কারণে প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একই কারণে মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি অসীম শিকদার বলেন, মরদেহটি দেখে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়।
এ ঘটনায় বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
