নড়াইলে শিশুদের রঙতুলিতে গ্রামবাংলা ও সুলতানের প্রতিকৃতি
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের সুলতানের শিশুস্বর্গে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শিশু-কিশোরদের রঙতুলিতে ফুটে ওঠে গ্রামীণ পরিবেশ-প্রকৃতি, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের প্রতিকৃতি, দেশের ইতিহাস-ঐতিহ্যসহ নানা বিষয়। প্রতিযোগিতাকে ঘিরে শিশু-কিশোরদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রঙের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি তারা দেশের শিল্প-সংস্কৃতি ও সুলতানের শিল্পকর্মের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী নিখিল দাস ও সাকি এবং এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) সকালে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর শিল্পকর্মে বাংলার গ্রামীণ জীবন, কৃষক, শ্রমজীবী মানুষ ও প্রকৃতি বিশেষভাবে স্থান পেয়েছে। ব্যতিক্রমী শিল্পভাবনা ও স্বতন্ত্র চিত্রশৈলীর মাধ্যমে তিনি দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি অর্জন করেন।
শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন। এ ছাড়া ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ বিভিন্ন দেশি-বিদেশি সম্মাননা অর্জন করেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সম্মাননাও পান তিনি।
শিল্পীর স্মৃতি ও শিল্পচর্চাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০০১ সাল থেকে এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান স্বর্ণপদক’ প্রদান করা হচ্ছে।
শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এস এম সুলতানের শিল্প-ঐতিহ্য ও সৃজনশীলতার চর্চা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
