কুয়াকাটা সেনাবাহিনীর অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে ১বছর কারাদণ্ড
অশোক মুখার্জি, পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি : কুয়াকাটা সেনাবাহিনীর অফিসার পরিচয়ে প্রতারণাসহ বিভিন্ন ধরনের অনৈতিক কাজের অপরাধে আব্দুল জলিল (২২) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। কুয়াকাটার হোটেল মারওয়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গত রাত আনুমানিক পৌনে ১০টায় এই দন্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এই অভিযানের নেতৃত্ব দেন। দন্ডিত আব্দুল জলিল কুয়াকাটা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসীন্দা। তার বাবার নাম মো. ইনছার আলী।
ইয়াসীন সাদেক জানান, দন্ডিত ব্যক্তি সেনাবাহিনী পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদেরকে কুয়াকাটায় নিয়ে আসতেন। আজকেও তার সঙ্গে থাকা এক ১৬ বছর বয়সী তরুণীকে পুলিশের সহায়তায় উদ্ধার করে (ভিকটিমের) বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আব্দুল জলিলের স্ত্রীও ঘটনাস্থলে ছিলেন। প্রকাশ্যে সেনাবাহিনীর অফিসার পরিচয় এ ধরনের প্রতারণা করায় পেনাল কোড, ১৮৬০-এর ১৭০ ধারায় দন্ডনীয় অপরাধে আব্দুল জলিলকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মহিপুর থানা পুলিশ এ অভিযানে সহায়তা করেছে। দন্ডিত ব্যক্তি এর আগেও এমনসব অনৈতিক কর্মকান্ড করে আসছিল বলে নিশ্চিত করেছে প্রশাসন।
