ঢাকা শনিবার ১০ অক্টোবর ২০২৬ ২৫ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ডুমুরিয়ায় ছোট ভাইয়ের সংবাদ সম্মেলনের প্রতিবাদে বড় ভাইয়ের পাল্টা সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৭.৫৮ পি.এম
ডুমুরিয়ায় ছোট ভাইয়ের সংবাদ সম্মেলনের প্রতিবাদে বড় ভাইয়ের  পাল্টা সংবাদ সম্মেলন
www.dailyranggaprovat.com

গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা) :  খুলনার ডুমুরিয়ায় ছোট ভাইয়ের সংবাদ সম্মেলনের প্রতিবাদে বড় ভাইয়ের পাল্টা সংবাদ সম্মেলন। শুক্রবার বিকাল ৪টায় চুকনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলার নরনিয়া গ্রামের আব্দুল হালিম মোড়ল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, আমার আপন ছোট ভাই রবিউল ইসলাম মোড়ল বৃহস্পতিবার তার নিজ বাড়িতে আমার বিরুদ্ধে কাল্পনিক বক্তব্য উপস্থাপন করেছে। যা রীতিমত হাস্যকর ও ভিত্তিহীন। সে উল্লেখ করেছে, নরনিয়া মৌজার দুইটি খতিয়ানের ৩১ শতাংশ জমি সে ভোগ দখল করতো। সেটা নাকি আমি জোরপূর্বক দখল করে নিয়েছি। প্রকৃত পক্ষে ওই জমি কখনও সে একা ভোগ দখল করতো না, আমরা তিন ভাই একত্রে থাকাকালীন যৌথভাবে ওই জমি ভোগ করতাম। আজ থেকে ২০ বছর আগে যখন তিন ভাই পৃথক বাড়ি করে বসবাস শুরু করি, তখন পৈত্রিক ও ক্রয় করা সম্পত্তি সমান ভাগে ভাগ করে ভোগ দখল শুরু করি। সেই থেকে উল্লেখিত খতিয়ান দুটির ৩১ শতক জমি আলাপ আলোচনার মাধ্যমে তিন ভাই শান্তিপূর্ণভাবে দখল করে আসছি। যার মধ্যে আমি নিজে মাত্র ১০ শতক জমি ভোগ দখলে আছি। বাকিটা ওরা দখল করে। এবং তার কাগজপত্রও নামজারীর মাধ্যমে আমার নামে খন্ড খতিয়ান করা হয়েছে।

হটাৎ করে বছর দুয়েক আগে আমার ভাই রবিউল উক্ত জমির আমার ভোগ দখলীয় অংশের মালিকানা দাবি করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস, ইউনিয়ন পরিষদ, থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বারবার বসা হয়েছে। কিন্তু কোথাও সে তার মালিকানা প্রমাণ করতে পারেনি। তারপরও মুলতঃ আমাকে হয়রানী করা এবং সামাজিকভাবে আমার মান মর্যাদা ক্ষুন্ন করার জন্য এইসব কল্পকাহিনী রটিয়ে বেড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, অন্যায়ভাবে আপন ভাই বা অন্য কোন ব্যক্তির এতটুকু সম্পদ ভোগ করার কোন ইচ্ছা আমার নেই। মুলতঃ আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া বাঁধিয়ে তৃতীয় পক্ষ ফায়দা লুটতে চায়, এটা আমার ভাই রবিউল অনুধাবন করতে না পারার কারণে সে এইসব অহেতুক কাজ করে বেড়াচ্ছে। যাতে সে নিজে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং আমাকেও সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করছে। তাই শুধু শুধু ঘোলা পানিতে মাছ শিকার করার পাঁয়তারা না করে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্যে তাকে আহবান জানাই। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তার ভাই হাবিবুর রহমান, প্রতিবেশী আলতাফ মোড়ল, হাফিজুর রহমান গাজী, মাহাতাপ মোড়ল, মেহেদী হাসান বাবলু, এনামুল মোড়ল ও ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন।