প্রতিটি পূজামণ্ডপে এক লাখ টাকা অনুদান দিয়েছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম
★ অবহেলিত নড়াইল-১ আসনের সর্বস্তরে উন্নয়ন হবে: এমপি।
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, “আগামী দুই বছর বেঁচে থাকলে আমার এই অবহেলিত এলাকার সর্বস্তরে উন্নয়ন হবে। আমি সব সময় জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।”
বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত তাঁর নির্বাচনী এলাকায় ইতোমধ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সব সময় অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে কোনো পূজামণ্ডপ বাদ পড়বে না উল্লেখ করে তিনি বলেন, ধারাবাহিকভাবে সব পূজামণ্ডপে সমানভাবে অনুদান বণ্টন করা হবে।
তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
