কচুয়ায় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ শাড়ি বিতরণ করা হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আমির সালমান রনি সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের হাতে উপহারের শাড়ি তুলে দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মো: মঞ্জুরুল হক রাহাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম।
শাড়ি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব রায় এবং কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।
এছাড়াও অনুষ্ঠানে জামায়াত নেতা মো: রাহাতুল ইসলাম শাকিল, মো: জাহিদুল ইসলাম, কচুয়া হিলফুল ফুজুলের সভাপতি জুবায়ের হোসেন রানা সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মো: মঞ্জুরুল হক রাহাদ বলেন, "দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সম্প্রীতির উৎসব। সরকারের পক্ষ থেকে দেওয়া এই উপহার পূজা উদযাপনে প্রান্তিক মানুষের আনন্দকে আরো বাড়িয়ে দেবে।" সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে এই সম্প্রীতির বন্ধন বজায় রাখার আহ্বান জানান তিনি।"
