দেবহাটার কৃতি সন্তান ড. কামরুজ্জামান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটার কৃতি সন্তান কামরুজ্জামান রিপন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব পদে নিযুক্ত হয়েছেন। দেবহাটা উপজেলার পারুলিয়া বিশ্বাসবাড়ীর কৃতি সন্তান ড. মোঃ কামরুজ্জামান (এনডিসি) সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় দেবহাটাবাসী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সরকারের সংশ্লিষ্ট সূত্র মতে জানা গেছে, ড. মো. কামরুজ্জামান এনডিসি ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে সরকারের সচিব পদে পদোন্নতি পান। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে রেক্টর (সচিব), জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমিতে যোগদান করেন। ড. কামরুজ্জামান রিপন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা এবং সরকারের একজন সচিব।
ইতিপূর্বে ড. মো. কামরুজ্জামান এনডিসি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বিভিন্ন পর্যায়ে কর্মরত ছিলেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. মো: কামরুজ্জামান এনডিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত পড়াশুনা করেন। তিনি সেখান থেকে ভূগোল বিভাগ হতে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি Norwegian University of Science and Technology (NTNU) থেকে Development Studies Specializing in Geography এ M.phil এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে Information Security for an Information Society in Bangladesh বিষয়ে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।
জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) পদে যোগদানের পূর্বে তিনি সর্বশেষ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেবহাটার এই কৃতি সন্তান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব হিসেবে দেশের সার্বিক উন্নয়নের সাথে সাথে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে দেবহাটাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।
