ঢাকা মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ ৪ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় জেলা পরিষদ প্রশাসকের পক্ষে পূজামণ্ডপে অনুদান ও উপহার বিতরণ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ১১.৪২ পি.এম
কচুয়ায় জেলা পরিষদ প্রশাসকের পক্ষে পূজামণ্ডপে অনুদান ও উপহার বিতরণ
www.dailyranggaprovat.com

আয়শা সিদ্দিকা বুলু, ​কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের কচুয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং আর্থিক সহায়তার পাশাপাশি শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের পক্ষ থেকে এই অনুদান ও উপহার প্রদান করা হয়।

​তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তাঁর প্রেরিত অনুদান ও শুভেচ্ছা উপহার উপজেলা দুর্গোৎসব উদযাপন পর্ষদ ও বিভিন্ন মন্দির কমিটির হাতে তুলে দেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম। গত রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে এ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়। পুরো কার্যক্রমটিতে সার্বিক সহায়তা করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

​পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বী পূজা আয়োজক, পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উৎসবের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়। দুর্গোৎসব যাতে অত্যন্ত আনন্দময়, সম্প্রীতিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সে বিষয়ে পূজা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল কুমার দাস এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতা নিরাময় ইন্দু হালদার।

​এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।