আগৈলঝাড়ায় শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
সোমবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের কর্মকার বাড়িতে সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, রাজেরবাড়ি সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, পতিহার সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, মোল্লাপাড়া সার্বজনীন দুর্গা পূজা মন্ডপসহ একাধিক মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি মন্দির ও পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে উৎসবমুখর পরিবেশে সবাই যেন নিরাপদে ও আনন্দঘন ভাবে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান আরও বলেন, আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের ধারা অক্ষুণ্ন রাখতে এবার জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ অনুদান নিশ্চিত করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ২৪১টি দুর্গা পূজা মন্ডপে অনুদানের চেক প্রদান করা হয়। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন সম্প্রদায়ের নয়, এটি আমাদের সামগ্রিক উৎসবের অংশ। এই আনন্দকে সর্বজনীন রূপ দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
দেশের রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির প্রসঙ্গ টেনে জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন এই দেশে কোনো ‘সংখ্যালঘু’ শব্দ থাকবে না, আমরা সবাই পরিচয়গতভাবে বাংলাদেশি। তাঁরই সুনির্দিষ্ট নির্দেশনায় দুর্গাপূজা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সে জন্য প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা নিয়োজিত রয়েছেন। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করব এটাই আমাদের মূল লক্ষ্য।
পরিদর্শনকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সাবেক সদস্য সচিব মোল্লা মাহফুজ, বিএনপি নেতা সাইফুল মুন্সি, মোল্লা হোসাইন, আশ্রাফুল আলম বিপুল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ মোল্লা, এ্যাড জাহিদুল ইসলাম পান্না, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, মনিরুল ইসলাম ইসমাইল, উপজেলা যুবদল নেতা হাসান কাজী, জামাল বেপারী, স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
