ঢাকা রোববার ২২ নভেম্বর ২০২৬ ৭ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বড়লেখায় শতবর্ষী রাস্তা বন্ধ করে পরিবার অবরুদ্ধ রাখার অপরাধে ৫ জনের কারাদণ্ড

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.০৩ এ.এম
বড়লেখায় শতবর্ষী রাস্তা বন্ধ করে পরিবার অবরুদ্ধ রাখার অপরাধে ৫ জনের কারাদণ্ড
www.dailyranggaprovat.com

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় প্রায় তিন বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ করে এক কলেজছাত্রীসহ একাধিক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অপরাধে পাঁচজনকে দেড় বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ।

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার গ্রামের আজাদ হোসেন, আব্দুস সহিদ, আব্দুর রহিম, ফখর উদ্দিন এবং নাজিম উদ্দিন।

​মামলার পটভূমি: মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রায় ১০০ বছরের পুরোনো একটি জনচলাচলের রাস্তা বন্ধ করে ভুক্তভোগী কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনির পরিবারসহ স্থানীয় আরও কয়েকটি পরিবারকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরেজমিনে গিয়ে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করে দিয়েছিলেন। কিন্তু প্রশাসন চলে আসার পর অভিযুক্তরা পুনরায় রাস্তাটি বন্ধ করে দেন।

​কোনো প্রতিকার না পেয়ে অবশেষে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনি 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন'-এ আদালতে একটি মামলা (সি.আর-২২৭/২০২৪) দায়ের করেন।

​তদন্ত ও রায়: আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) এবং শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনাটি সরেজমিনে তদন্ত করেন। তদন্তে রাস্তা বন্ধ করে পরিবারগুলোকে অবরুদ্ধ রাখার সত্যতা পাওয়ায় তারা আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

​বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া জানান, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩'-এর ১২ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক প্রত্যেক আসামিকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের এই আদেশ দেন।