ঢাকা রোববার ২২ নভেম্বর ২০২৬ ৭ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৫.১৩ পি.এম
বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
www.dailyranggaprovat.com

সাজিদ রহমান, বিশেষ প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে বরিশাল এয়ারপোর্ট থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে জানা গেছে, গত ১৮ নভেম্বর দিবাগত গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানা এলাকার রামপট্টি স্টেশন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মধ্যবর্তীস্থানে আসামিরা সংঘবদ্ধ হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করে।

এ সময় তারা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানো এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে। এ ঘটনায় ১৯ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন আকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দুলাল সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তারেক এবং ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম নয়ন।

এ ছাড়া আসামি করা হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আর বাদল বিশ্বাস, সুজন আহমেদ (সাবেক সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী ও ওয়ার্কার্স পার্টির নেতা), ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান হিমু, উপজেলা ছাত্রলীগ নেতা খন্দকার রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হিমেল প্রধান এবং সাব্বির হোসেনকে।

অপরদিকে মামলার এজাহারভুক্ত আসামি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০ নভেম্বর রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল বিমানবন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগ তৈরির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।