ঢাকা শনিবার ২১ নভেম্বর ২০২৬ ৬ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মাগুরায় ঘূর্ণিঝড় ‘আকভান’ ও বৈরী আবহাওয়ায় পাকা আমন ও সবজি নিয়ে বিপাকে কৃষক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৩৪ পি.এম
মাগুরায় ঘূর্ণিঝড় ‘আকভান’ ও বৈরী আবহাওয়ায়  পাকা আমন ও সবজি নিয়ে বিপাকে কৃষক
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মাগুরায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। মাঠজুড়ে এখন সোনালি আমন ধান কাটার ভরা মৌসুম এবং আগাম শীতকালীন সবজি রক্ষার সময়। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকা, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও দমকা হাওয়ার প্রভাবে বিপাকে পড়েছেন জেলার কৃষকেরা। পাকা ধান নষ্ট হওয়া, কেটে রাখা ধান ভিজে যাওয়া এবং নিচু জমিতে পানি জমে শীতকালীন সবজির চারা পচে যাওয়ার দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘূর্ণিঝড় ‘আকভান’ সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত না হানলেও এর প্রভাবে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে খুলনা বিভাগের মাগুরাসহ আশপাশের জেলাগুলোতে বৃষ্টিবলয় সক্রিয় হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া আগামী রবিবার (২২ নভেম্বর) সকাল নাগাদ অব্যাহত থাকতে পারে; তবে রবিবার সকালের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। শুক্রবার তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, বাতাসের আর্দ্রতা প্রায় ৯৩ শতাংশ এবং পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ৭ মাইল বেগে বাতাস বইছে, যা মাঝেমধ্যে দমকা হাওয়ায় রূপ নিচ্ছে। শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির প্রবণতা থাকলেও দুপুরের পর কিছুটা কমতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাগুরার চার উপজেলায় মোট ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ২৩ হাজার ৬৬৫, মহম্মদপুরে ১২ হাজার ৩৮৫, শালিখায় ১৪ হাজার ৮৯০ এবং শ্রীপুরে ১১ হাজার ৫৩৪ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।

কৃষি বিভাগের হিসাবে, অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিবিড় পরিচর্যায় এবার হেক্টর প্রতি গড়ে ৫ দশমিক ৭৫ মেট্রিক টন ফলন পাওয়া গেছে। সে হিসাবে জেলায় এবার তিন লাখ ৫৯ হাজার ২২৫ মেট্রিক টন আমন ধান উৎপাদনের আশা করা হচ্ছে।

সরেজমিন দেখা যায়, ভালো ফলনের এমন সম্ভাবনার মাঝেও বৈরী আবহাওয়ায় পাকা ধান হেলে পড়ার শঙ্কা এবং কেটে রাখা ধান দ্রুত ঘরে তোলার তাড়াহুড়ো চলছে। সময়মতো রোদ না মিললে, বাতাসে ধান পড়ে গেলে এবং জমিতে পানি জমলে ফলন ও গুণগত মান—উভয়ই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক কৃষক ক্ষতি এড়াতে তড়িঘড়ি করে ধান কাটতে চাইলেও কোথাও কোথাও শ্রমিক সংকট ও বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে।

শুধু আমন নয়, আগাম শীতকালীন সবজি নিয়েও উদ্বেগে রয়েছেন মাগুরার চাষিরা। জেলার চার উপজেলায় ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ ও বীজতলা রয়েছে। অসময়ের বৃষ্টি দীর্ঘায়িত হলে এবং নিচু জমিতে জলাবদ্ধতা তৈরি হলে এসব সবজির চারার গোড়া পচে নষ্ট হওয়ার শঙ্কা করছেন তাঁরা। চড়া সুদে ঋণ এবং সার-বীজের বাড়তি খরচ মিটিয়ে আবাদ করা কৃষকদের কাছে ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন আবহাওয়া সারা বছরের শ্রম ও পুঁজি হারানোর আশঙ্কা তৈরি করেছে।

মাগুরা সদর উপজেলার কৃষক রফিকুল ইসলাম বলেন, "সারা বছর পরিশ্রম ও পুঁজি খাটিয়ে আমন ধান ফলিয়েছি, ফলনও ভালো হয়েছিল। এখন কাটার মুখে বৃষ্টি ও দমকা বাতাসে ধান হেলে পড়ার ভয়ে আছি। কেটে রাখা ধান ভিজে গেলে আর রোদ না পেলে আমাদের সব শেষ হয়ে যাবে।"

মহম্মদপুর উপজেলার কৃষক দুলাল শেখ বলেন, "মাঠে পাকা ধান রয়েছে, কিন্তু বৃষ্টির কারণে ঠিকমতো কাটা ও মাড়াই করা যাচ্ছে না। শ্রমিকেরও চাপ রয়েছে। আবহাওয়া দ্রুত ঠিক না হলে এবং ন্যায্য দাম না পেলে আমাদের লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে।"

শালিখা উপজেলার কৃষক শহিদুল মোল্লা বলেন, "ধার দেনা করে সার-বীজের বাড়তি খরচ মিটিয়ে আমনের পাশাপাশি আগাম শীতকালীন সবজির আবাদ করেছি। টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমলে সবজির চারা পচে যাওয়ার শঙ্কা রয়েছে। ফসল ঘরে তুলতে না পারলে পরিবার নিয়ে বড় বিপদে পড়ব।"

মাগুরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, "ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের তথ্য আমরা কৃষকদের মাঝে সতর্কতা হিসেবে আগে থেকেই জানিয়েছি। কৃষকদের পরামর্শ হিসেবে আমরা ধান যদি ৮০% পেকেযায় সেই ধান কেটে ঘরে তোলার পরামর্শ প্রদান করেছি। তবে আবহাওয়া সাভাবিক হলেই বাকি পাকাধা কেটে ঘরে তুলতে যথাযথ পরামর্শ  ও নির্দেশনা প্রদান করবো"।

মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলু বলেন, "বর্তমান মেঘলা আকাশ ও বৃষ্টির আবহাওয়ায় কৃষকদের সতর্ক থাকতে হবে। যেসব জমির আমন ধান ৮০ শতাংশের বেশি পেকে গেছে, বৃষ্টি থামার ফাঁকে বা দ্রুত সেগুলো কেটে নিরাপদ ও উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে। কাটা ধান যেন দীর্ঘ সময় ভিজে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি শীতকালীন সবজি ও বীজতলার জমি থেকে দ্রুত অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে"।

জেলাজুড়ে ফসলের ঝুঁকি ও করণীয় নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপপরিচালক মো: জসীম উদ্দীন বলেন, "মাগুরা সদর, মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর—“মাগুরা সদর, মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর—এই চার উপজেলায় এবার ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ইতোমধ্যেই প্রায় ৫৫ শতাংশ—অর্থাৎ সাড়ে ৩২ হাজার হেক্টর জমির ধান কাটা ও ঘরে তোলা সম্পন্ন হয়েছে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে থাকা অবশিষ্ট পাকা ধান এবং ক্ষেতে কেটে রাখা ধান নিয়ে কৃষকেরা যে দুশ্চিন্তায় পড়েছেন, তা আমরা বুঝি। ক্ষতি এড়াতে পাকা ও কাটা ধান দ্রুত নিরাপদে ঘরে তুলতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে; এ কাজে প্রতিটি ব্লকে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে সক্রিয় রয়েছেন। 

​পাশাপাশি সরিষা, মসুর ও শীতকালীন শাকসবজিসহ যেসব রবি ফসলের বীজ এখনো বপন করা হয়নি, সেগুলো আবহাওয়া অনুকূলে এলে বপন করার পরামর্শ দিচ্ছি। কোনোভাবেই আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার জন্য আমরা কৃষকদের পাশে থেকে সাহস জোগাচ্ছি—বৃষ্টি শেষে জমিতে ‘জো’ ফিরলে নতুন করে ফসল আবাদে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ভারী বৃষ্টিপাতে ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহে ইউনিয়ন পর্যায়ে আমাদের কর্মকর্তারা কাজ করছেন"

দুর্যোগ মোকাবিলা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ বলেন, "ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া ও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সতর্ক রয়েছে। কৃষকদের পাকা ফসল ও সবজি সুরক্ষায় কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো এলাকায় জলাবদ্ধতা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির পরিস্থিতি তৈরি হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসন প্রস্তুত রয়েছে।"

সংশ্লিষ্টদের মতে, আমন ও শীতকালীন সবজি কেবল মৌসুমি ফসল নয়; এগুলো গ্রামীণ অর্থনীতি, কৃষকের সারা বছরের খাদ্যনিরাপত্তা ও পারিবারিক ব্যয়ের প্রধান ভরসা। তাই বৈরী আবহাওয়ার এই সময়ে মাঠের পাকা ধান দ্রুত নিরাপদে ঘরে তোলা এবং সবজি ও বীজতলা রক্ষাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।