ঢাকা শনিবার ২১ নভেম্বর ২০২৬ ৬ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পযটনকেন্দ্র কুয়াকাটা নিখোঁজের সাত ঘন্টা পর চার শিশু উদ্ধার

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৬.০৩ পি.এম
পযটনকেন্দ্র কুয়াকাটা নিখোঁজের সাত ঘন্টা পর চার শিশু উদ্ধার
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) থেকে : পর্যটনকেন্দ্র কুয়াকাটায় কয়েক ঘণ্টা নিখোঁজ থাকার পর চার স্কুলশিক্ষার্থীকে একটি পরিত্যক্ত বাড়ি থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতভর খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুরা হলো কুয়াকাটার ৬০ নম্বর লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিজয়, মুছা শেখ, শিফাত ও হুজাইফা।

জানা যায়, স্কুলের ক্লাস শেষে চার শিশু বাড়িতে ফেরে। পরে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও তারা সেখানে যায়নি। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ও স্থানীয়রা অনুসন্ধানে নামেন। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শিশুদের চলাচলের তথ্য সংগ্রহ করা হয়। একপর্যায়ে কুয়াকাটার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে চার শিশুকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। 

শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের একজন বাবার পকেট থেকে ৫০০ টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। তারা সমুদ্রসৈকতে ঘোরাঘুরি ও খাবার খাওয়ার পর বাড়ি ফেরার ভয়ে পৌর এলাকার একটি পরিত্যক্ত ঘরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়।

পরে মহিপুর থানা পুলিশ শিশুদের থানায় নিয়ে যায়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

শিশুদের উদ্ধারে মহিপুর থানা পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন। দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে চার শিশুকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

এ ঘটনা শিশুদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তাও সামনে এনেছে।