কলাপাড়া ঘূর্ণিঝড় আকভানে প্রভাবে উপকূলে বৃষ্টি পায়রা বন্দর ০৩ নম্বর সতর্ক সংকতে
অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) থেকে : বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ঘূর্ণিঝড় আকারে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে সাসান্য থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্নিঝড় আকভান আজ সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৩০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৬৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮৮৫ কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো। এটি আজ ভারতের অন্ধ্র-দক্ষিন উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দর সমূহতে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
