বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক : সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন-সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহ-আইন সম্পাদক মো. রাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।
অপরদিকে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে তাঁদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
