তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আল-আমীন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য উপজেলা আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন মাওলানা মো. আল-আমীন খান।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে জামায়াতের অস্থায়ী কার্যালয়ের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল-আমীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমীর ডা. এসএম মাহফুজুর রহমান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বরিশাল বিভাগীয় সভাপতি আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, গৌরনদী পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মো. বায়েজিদ হোসেন শরীফ।
এছাড়াও সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষভাগে তৃতীয়বারের মতো ২০২৭-২৮ মেয়াদের জন্য নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা মো. আল-আমীন খান দায়িত্বভার গ্রহণ করে শপথ গ্রহণ করেছেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
